৪ মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৮৫ সাংবাদিক : আসক

গত ৪ মাসে ৮৫ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি ও পেশাগত কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৮ মে) চলতি বছরের জানুয়ারি-এপ্রিল চার মাসের সংখ্যাগত প্রতিবেদনে এ পরিসংখ্যান প্রকাশ করে আসক।

গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে এই পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিশেষত মার্চ-এপ্রিল মাসে যেভাবে বাধা দেওয়া হয়েছে এবং নানাভাবে হয়রানি ও শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

এতে আরও বলা হয়, করোনাকালে মার্চে করােনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নাগরিকদের স্বাস্থ্যসেবা লাভের অধিকারের লঙ্ঘন, ডাক্তারি অবহেলা, স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অপর্যাপ্ত সুরক্ষা, প্রান্তিক জনগােষ্ঠীর খাদ্যের অধিকার নিশ্চিতকরণে পর্যাপ্ত উদ্যোগের অভাব, ত্রাণ প্রদানে দুর্নীতি ও অব্যবস্থাপনা, বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার, শ্রমিক অধিকার ও স্বাস্থ্যগত নিরাপত্তা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, নাগরিকের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রভৃতি বিষয়ে নানা উদ্বেগ লক্ষ্য করা গেছে।

বেশ কিছু অধিকার লঙ্ঘনের ঘটনায় সরকার পদক্ষেপ নেয়া সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে বলেও আসকের ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর