টিসিবির তেল কালোবাজারে বিক্রি, সাবেক ছাত্রলীগ নেতা আটক

টিসিবির সয়াবিন তেল কালোবাজারে বিক্রি করার দায়ে রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আইনুল ইসলামকে আটক করেছে র‌্যাব। এসময় ১২০ লিটার তেল জব্দ করা হয়।

আটক ওই সাবেক ছাত্রলীগ নেতা টিসিবির ডিলার।

র‌্যাব জানায়, ‘সিরাজ এন্টারপ্রাইজ’ নামে এক ডিলার টিসিবি থেকে আজ ৬ হাজার লিটার তেল সংগ্রহ করে। এসব তেল ট্রাক সেলের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রির কথা থাকলেও ডিলার এসব সয়াবিন তেল কালোবাজারে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিষয়টি জানতে পেরে অভিযানে নামে। পরে ১২০ লিটার সয়াবিন তেলসহ ডিলার আইনুলকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মোহাম্মদপুরে সাধারণ মানুষের মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রির জন্য লাইসেন্সটি ছিল আটককৃত ছাত্রলীগ নেতা আইনুলের বাবা সিরাজুল ইসলামের নামে। তার মৃত্যুর পর তার ছেল সাবেক ছাত্রলীগ নেতা আইনুল সেই লাইসেন্সে ব্যবসা করছেন। সরকারি বিভিন্ন পণ্য ট্রাক সেলে বিক্রি করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা করত না। বেশি লাভের আশায় এসব পণ্য কালোবাজারে বিক্রি করত।

র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি টিসিবির ন্যায্যমূল্যের তেল খোলা বাজারে বিক্রি হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর