রংপুরে একদিনেই প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে রংপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ১২০ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে নগরীর কোতয়ালি থানার ১২ জন পুলিশ সদস্য ও দুই জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
শুক্রবার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। নতুন আক্রান্ত সবাই রংপুরের বাসিন্দা বলে জানান তিনি।
নতুন আক্রান্তরা হলেন, নগরীর কারুপণ্য ফ্যাক্টরি লিমিটেডের এক কর্মকর্তা (৪৩), দেওয়ানবাড়ি রোডের এক পুরুষ (৫২), রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার নয়জনসহ ১২ পুলিশ সদস্য (যাদের বয়স ২২ থেকে ৪৮), নগরীর শালবন এলাকার একই পরিবারের এক কিশোর (১৮), শিশু (১২), বৃদ্ধা (৭২) এবং দুই নারী (৪৭ ও ৩৬), সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখায় কর্মরত রংপুর নগরীর বাসিন্দা তিনজন (৪৩, ৩৬, ৪৮), রমেক হাসপাতালের ডায়ালাইসিস বিভাগের সিনিয়র স্টাফ নার্স (৪৫), রংপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের এক টেকনোলোজিস্ট (৪০), খটখটিয়া এলাকার এক বৃদ্ধা (৬০) ও ওই বাড়ির গৃহকর্মী শিশু (১২), ধাপ লালকুঠি লেনের এক নারী (৩৬), সেনপাড়া এলাকার এক যুবক (২৬), আরকে রোডের স্বপ্নচূড়ায় এক যুবক (৩০), হারাগাছ পৌর এলাকায় এক তরুণী (২০) এবং মিঠাপুকুর উপজেলার চিতলী দক্ষিণপাড়া গ্রামের এক বৃদ্ধ (৫০)।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৪ জনকে রংপুর করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত সাতজন সুস্থ হয়েছেন বলেও জানান সিভিল সার্জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস