পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে কিছু কূটনীতিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যকে দুর্ভাগ্যজনক, হতাশাজনক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
শুক্রবার (০৮ মে) পররাষ্ট্রমন্ত্রী বলেন, “তাদের কিছু বলার থাকলে কূটনৈতিক নিয়ম মেনে আমাদের জানাতে পারতেন।”
ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটানোর কালে তিনি সেখানে কূটনীতিকদের কাছ থেকে এ জাতীয় দৃষ্টিভঙ্গি কখনও দেখেননি।
তিনি বলেন, “আমরা দেশকে আমাদের মতো করে চালাচ্ছি। আমাদের কী করতে হবে তা আমরা জানি। আমি খুবই বিরক্ত। এটা খুবই হতাশাজনক। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মোটেই ভালো কিছু নয়।” দায়িত্ববোধ না থাকলে স্বাধীনতার সম্মান দেওয়া যায় না।
তিনি বলেন, কূটনীতিকরা তৈরি পোশাক রপ্তানির আদেশ বাতিল, বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা ও সহায়তা এবং কমপক্ষে ছয় মাসের জন্য তাদের চাকরির নিরাপত্তা নিয়ে কিছু বললে বাংলাদেশ খুশি হতো।
কোভিড-১৯ এর কারণে বাংলাদেশসহ বিশ্বকে যখন হুমকির মুখোমুখি হতে হচ্ছে তখন নির্দিষ্ট বিষয়ে একই মন্তব্য করার জন্য অসন্তুষ্টি প্রকাশ করেন ড. মোমেন।
কয়েকটি গণমাধ্যমে তাদের এমন মন্তব্য কাভারেজ দেয়ার বিষয়ে নারাজ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের চর্চা অন্যান্য দেশে দেখা যায় না।
বার্তাবাজার/কে.জে.পি