জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফেরদৌস হাসানসহ ৬ চিকিৎসক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল বাছিরসহ ৩ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকসহ ৪০ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
গতকাল বিকাল ৫টার দিকে জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ আইসোলেশন থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যান তারা।
এ সময় হাসপাতাল গেটে সুস্থদের ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় আ.লীগ নেতা সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও সিভিল সার্জন প্রণয় কান্তি দাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান ও জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ মাহফুজুর রহমান সোহান। এর আগে প্রথম ধাপে এ আইসোলেশন ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৯ জন।
সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস জানান, বাড়িতে গিয়ে স্বাস্থ্য বিধিমালা মেনে ও ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে সুস্থদের রিলিজ দেয়া হয়। জামালপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।
কেএ/বার্তাবাজার