চাল কম দেয়ার অভিযোগ করায় জেলের হাত ভেঙ্গে দিলেন চেয়ারম্যান

বরিশালে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের বিচার চেয়ে ইউএনওকে অভিযোগ করায় জেলেদের ওপর হামলা চালিয়ে এক জেলের হাত ভেঙ্গে দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন। মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হামলায় নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের জেলে কবির খানের হাত ভেঙে যায়। আহত জেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও এ হামলার ঘটনায় মকবুল খান, শওকত সরদার, তুহিন সরদার, সানাউল্লাহ খান, আমির সরদার, লালমিয়া খান, মঞ্জু ব্যাপারী ও জসিম খানসহ অন্তত ১০ জেলে আহত হন। তারা স্থানীয় মুলাদী হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসনাত জাপানসহ ১০ জনের বিরুদ্ধে মুলাদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী জেলে।

ভুক্তভোগী জেলেরা জানান, কিছুদিন আগে চেয়ারম্যান আবু হাসানাত জাপানের বিরুদ্ধে চাল বিতরণের অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিচার দাবি করেন নাজিরপুর ইউনিয়নের ১০-১২ জন জেলে। ইউএনও শুভ্রা দাস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানকে তদন্তের নির্দেশ দিলে অভিযোগের সত্যতা পান। গত ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। তদন্ত প্রতিবেদনের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিরপুর ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিলে ক্ষিপ্ত হন। সেই সঙ্গে অভিযোগকারী জেলেদের দেখে নেয়ার হুমকি দেন।

এদিকে, উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে অভিযোগকারী জেলেরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদের চত্বরে চাল নিতে যান। এ সময় ৪০ কেজির স্থলে ২৭-২৮ কেজি চাল দেয়ায় জেলেরা প্রতিবাদ করলে চেয়ারম্যান আবু হাসানাত জাপান ও তার লোকজন হামলা চালান। হামলায় জেলে কবির খানের হাত ভেঙে যায়। সেই সেঙ্গ অন্তত ১০ জেলে আহত হন।

তবে জেলেদের ওপর হামলার বিষয় অস্বীকার করে চেয়ারম্যান আবু হাসানাত জাপান বলেন, কিছু জেলে ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে আমার লোকজনকে আহত করেছেন। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দীন বলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাধারণ জেলেরা পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর