ফরিদপুরে নতুন করে আরো তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। শুক্রবার বিকালে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সুত্র জানায়, করোনা শনাক্ত হয়েছে জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া এলাকার এক বাসিন্দার।
তবে তিনি আলফাডাঙ্গা উপজেলা সদরের ডাক বাংলো এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তার বয়স ৩৫ বছর। তিনি ঢাকার মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। গত বৃহস্পতিবার তিনি ফরিদপুরে আসেন।
করোনা পজেটিভ এসেছে জেলার মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের ২২ বছর বয়সী এক তরুণের। সে ঢাকার মিরপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালের গাড়ি চালক। গত পাঁচদিন আগে তিনি বাড়িতে আসেন। এছাড়া নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের একটি গ্রামের ৪৯ বছরের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, ফরিদপুরে শুক্রবার নতুন করে তিনজনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে গত ৩০ এপ্রিল করোনা আক্রান্ত তিনজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
ইতোমধ্যে প্রশাসনের তরফ থেকে আক্রান্তের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে। বর্তমান এরা সকলেই তাদের নিজ বাড়িতে অবস্থান করছে। আক্রান্তের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করার কাজ চলছে বলে জানা গেছে।
কেএ/বার্তাবাজার