দেশে আরও ৫ জন সংবাদকর্মীর করোনা শনাক্ত

দেশে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সেখানে বাদ যাচ্ছে না সংবাদকর্মীরাও। একসময়ের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক ইত্তেফাকের ৭ জন সংবাদকর্মীর শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (০৮ মে) পত্রিকাটির কম্পিউটার সেকশনের ৫ জন কর্মীর করোনাভাইরাস পজিটিভ আসে। এর আগে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত সারাদেশে ৮০ জনের মতো সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন মারা গেছেন। মৃত ওই সাংবাদিক হলেন- দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ন কবীর খোকন। আর দুইজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ জন সংবাদকর্মী।

উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান এবং দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু।

জানা গেছে, করোনার সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত সুস্থ হওয়া সংবাদকর্মীরা হলেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির একজন ক্যামেরাপারসন, যমুনা টিভির একজন রিপোর্টার এবং নরসিংদী প্রতিনিধি, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের একজন রিপোর্টার, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন রিপোর্টার, দৈনিক সংগ্রামের একজন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন, দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি এবং দৈনিক জনতার একজন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর