ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে আব্দুল লতিফ (৩৪) নামে এক যুবককে অন্ডকোষ চেঁপে ধরে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের জবেদা বেগমের (২০) বিরুদ্ধে।
শুক্রবার সকালে উপজেলার পদমপুর শালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে অভিযুক্ত জবেদা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, শুক্রবার সকালে পদমপুর শালবাড়ী গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেনের কলেজপড়ুয়া মেয়ে জবেদা বেগম (২০) পারিবারিক কলহের জের ধরে পাশের বাসার এক বৃদ্ধা সুফিয়া বেগমকে (৮০) মারধর করছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা আজগর আলীর ছেলে আব্দুল লতিফ ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসলে জবেদা ওই বৃদ্ধাকে ছেড়ে দিয়ে আব্দুল লতিফের অন্ডকোষ দুই হাত দিয়ে জোরে চেঁপে ধরলে ঘটনাস্থলে আব্দুল লতিফের মূত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল লতিফের মৃতদেহ উদ্ধার করে এবং হত্যার অভিযোগে জবেদা বেগমকে গ্রেফতার করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জবেদা বেগমকে আসামী করে রানীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, মৃত আব্দুল লতিফের স্ত্রীসহ দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। স্যালো মেশিন চালিত ট্রলি ভাড়া দিয়ে আব্দুল লতিফের সংসার চলতো, পরিবারে তিনি একাই উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তার এই মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়লো।
বার্তা বাজার/এম.সি