শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ত্রাণ নিয়ে তর্কের জেরে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম বিল্লাল হোসেন বেপারি (৪২)। বৃহস্পতিবার (৭ মে) রাতে গোসাইরহাট উপজেলার পৌরশহরের বিনোটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকান্ডের এই ঘটনায় নিহতের ছেলে হাসান বেপারি গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাতে ৮ জনকে আসামী করা হয়েছে।
জানা যায়, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবীরের পক্ষে ত্রাণের তালিকা তৈরী করছিলেন নিহত বিল্লাল বেপারী। স্থানীয় কাদের বেপারির সাথে এই বিষয়ে ঘটনার দিন সকালে কথা কাটাকাটি হয় বিল্লালের। কারন হিসাবে জানা যায়, ১০ টাকা কেজি চালের কার্ড পাওয়া কাদেরকে ত্রাণের তালিকায় অন্তর্ভূক্ত না করা।
পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাদের বেপারির ছেলে ফেরদৌস তার লোকজন নিয়ে বিল্লাল বেপারিকে ফোন করে বিনোটিয়া দীঘিরপাড়ে ব্রিজের ওপর ঢেকে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা বিল্লাল বেপারিকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের ছেলে হাসান বেপারি অভিযোগ করেছেন, আমার বাবাকে আনিস বেপারি, কাদের বেপারি ও তার লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী জানান, আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে