বহুদিন ধরে টাকা জমিয়ে হজ্ব ব্রত পালনের ইচ্ছে থাকলেও করোনায় কর্মহীন দুস্থ মানুষের অসহায়ত্ব দেখে স্থির থাকতে পারেননি। হজ্বের জন্য জমানো টাকা এবং চাকরির প্রভিডেন্ট ফান্ডের লোনের টাকা দিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন।
গত ৭ দিনে প্রায় ৫ হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। ফ্রি ভ্রাম্যমাণ মুদি দোকান ও সবজি বাজারে চাল, ডাল, আটা, তেল, লবন, সাবান, ভিমবার, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, বাঁধা কপিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে চলেছেন তিনি।
তার মতে, আল্লাহর কৃপায় বেঁচে থাকলে হজ্ব করতে পারবেন! কিন্তু এসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বলছিলাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান খান টুটুলের কথা।
জানা যায়, প্রকৌশলী টুটুল তার হাতে গড়া সংগঠন গ্রিন চাইল্ড’ এবং ‘গ্রিন আর্কিটেক্ট’ নামের প্রতিষ্ঠানের ব্যানারে করোনা দূর্গতদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে চলছেন। এরই ধারাবাহিকতায়,
শুক্রবার (৮ মে) কুষ্টিয়া সদর উপজেলায় তার নিজ গ্রামে হাটশ হরিপুরে প্রায় ৮’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার এই ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
এবিষয়ে প্রকৌশলী আলিমুজ্জামান খান টুটুল বলেন, দেশের এই খারাপ সময়ে আমার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে আমার এলাকার অসহায় অনাহারে থাকা মানুষের পাশে থাকতে চাই, আমার এই কার্যক্রম স্বল্প পরিসরে হলেও আমি চালিয়ে যেতে চাই। সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই কাজগুলো করার চেষ্টা করছেন বলে ও জানান তিনি।
বার্তা বাজার/এম.সি