প্রাণঘাতী করোনা ভাইরাস এবার গাজীপুরের পোশাক কারখানায়। সেখানে ৭ টি কারখানার ১০ শ্রমিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।
শুক্রবার (৮ মে) তিনি বলেন, আক্রান্ত তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন।বাকি ৬ জন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ পাওয়া তথ্য মতে, বাঘেরবাজার এলাকার দুই কারখানার ৩ নারী শ্রমিকসহ ৪ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ৪ জনেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়।
তিনি আরও বলেন, টঙ্গীর আউচপাড়া এলাকার একটি কারখানার একজন পুরুষ (২৮) ও একজন নারী (২১) করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়।
এছাড়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানাধীন বড়বাড়ি, সাইনবোর্ড, টঙ্গীর মুদাফা ও জয়দেবপুরের নতুনবাজারে একজন করে পুরুষ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। তাদের বাড়ি যথাক্রমে লালমনিরহাট, রংপুর, টঙ্গী ও জয়পুরহাট জেলায়।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন জানান, শনাক্ত্দের মাঝে ৬ জন হোম আইসোলেশনে রয়েছেন। শনাক্ত দুই শ্রমিকের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্য চারজন তাদের নিজ জেলায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন।
বার্তাবাজার/এসজে