দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৪ জন পুলিশ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪২৯ জনে।
গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৮৫ জন। আর করোনা-যুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ পুলিশ সদস্যের।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ শুক্রবার (০৮ মে) এ তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭০৮ জন। আক্রান্তদের মধ্যে মাঠ-পর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি সূত্রে জানা যায়, করোনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ৪৭২ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৮১৪ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বার্তাবাজার/এমকে