দেশে যখন করোনা ভাইরাস মহামারী রুপ ধারন করেছে, একের পর এক আক্রান্ত হচ্ছে মানুষ। এই মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পরা থেকে রক্ষা করতে সিরাজদিখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সিরাজদিখান থানার ওসি মো. ফরিদউদ্দিন। শুরু থেকেই উপজেলা বাসিকে সচেতন করতে মাঠে নেমেছে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদউদ্দিন।
লকডাউন হওয়ায় কর্মহীন হয়ে পরে খেটে খাওয়া মানুষগুলো। আর এই খেটে খাওয়া দরিদ্র কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন করোনার যুদ্ধের মানবতার ফেরিওয়ালা সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন। তাকে সার্বিক সহযোগিতায় রয়েছেন থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ কর্মকর্তা হলেও অসহায় মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। তার মতো কিছু পুলিশ কর্মকর্তার করা ভালো কাজগুলো পাল্টে দিচ্ছে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক সব ধারণা। জানা গেছে, সিরাজদিখান থানায় যোগদান করার পর থেকে তার কঠোরতায় উপজেলায় মাদকের প্রবণতা হ্রাস পেয়েছে। আগেরমত চুরি-ডাকাতির ঘটনাও নেই। অপরাধ দমনে তিনি কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি বিশ্বস্ত আশ্রয়স্থল।
করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বেকার হওয়া দিনমজুর, ভ্যানচালক ও নিম্নআয়ের পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিচ্ছেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, লবণসহ অন্যান্য সামগ্রী। বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান থানার বিভিন্ন ইউনিয়নে বেশ কয়েকজনের হাতে খাদ্য সহায়তা তুলে দেন ওসি ফরিদউদ্দিন।
খাদ্যসামগ্রী বিতরণকালে জনসাধারণকে ঘরে থাকার পরামর্শ দেন তিনি। সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন বার্তা বাজারকে জানান, জেলা পুলিশ সুপার মো. আব্দুল মোমেন নির্দেশনায় করোনাভাইরাসের প্রভাবের কারণে নিম্নআয়ের মানুষ যারা অসহায় দিনযাপন করছে। সেই সব মানুষের কথা চিন্তা করে তাদের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। যারা একেবারেই কাজ করতে পারছেন না, আবার লজ্জায় কারও কাছে সহযোগিতা চাইতে পারছেন না- এমন পরিবারগুলোকে পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ায় এ উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হয়েছে।
তিনি আরো জানান, মানবতার পাশে দাঁড়ানো সকলের কর্তব্য, সবাই যদি স্ব স্ব অবস্থান থেকে মানবতার জন্য এগিয়ে আসে তাহলে এ বিশ্ব হবে ভালবাসায় পরিপূর্ণ। সবাইকে তিনি মানবতার জন্য এগিয়ে আসতে আহ্বান জানান সেই সাথে ভবিষ্যতে তিনি এ রকম কাজ আরও করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তা বাজার/এম.সি