সরকারের কাছে মানুষের জীবনের চেয়ে অর্থনীতি বড় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলমান করোনার ভয়াবহ পরিস্থিতি চলার মাঝেও লকডাউন খুলে দেয়ায় সরকারের সমালোচনা করে তিনি এই মন্তব্য করেছেন।
শুক্রবার (৮ মে) গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী বাজার এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মানুষ করোনা উপসর্গ নিয়ে রাস্তাঘাটে পড়ে থাকছে, টেস্ট করার সুযোগ পাচ্ছে না। মানুষের চিকিৎসাসেবার দিকে খেয়াল না করে সরকার তাকিয়ে আছে অর্থনীতির দিকে। কারণ তাদের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। তাদের কাছে বড় হলো টাকা।
তিনি বলেন, পর্যাপ্ত মেডিকেল ইকুইপমেন্ট না পেয়ে হাসপাতালের ডাক্তার, নার্স মারা যাচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের বরখাস্ত করা হচ্ছে চাকরীচ্যুত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার আবদুল্লাহ বলেছেন এটা করা ঠিক হচ্ছে না। প্রধানমন্ত্রীর একটি কমিটি করেছেন করোনা প্রতিরোধের জন্য। কমিটির সদস্যরাও নিষেধ করেছিল লকডাউন না খুলার জন্য। তা মানেননি তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সকার জাবেদ আহমেদ , গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বার্তাবাজার/এসজে