ময়মনসিংহে করোনার দুই মাসে ৪৬ খুন

মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতেও থেমে নেই ময়মনসিংহে খুনের ঘটনা। জেলায় গেল মার্চ ও এপ্রিল মাসে ২১টি হত্যাকাণ্ড ঘটেছে। মার্চ মাসে সাত খুনের দ্বিগুণ ঘটনা ঘটেছে এপ্রিলে, এ মাসে হত্যাকাণ্ড ঘটেছে ১৪টি। এরমধ্যে তারাকান্দা উপজেলায় খুন হয়েছে পাঁচ জন। আর ময়মনসিংহ বিভাগে হত্যাকাণ্ডের ঘটনা দুইমাসে ৪৬টি। এসব খুনের পেছনে রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, তুচ্ছ ঘটনা, পূর্ব শত্রুতা ও ব্যবসায়ীক বিরোধ। এই নিয়ে চিন্তিত জেলা মানবাধিকার নেতারা।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের তথ্য মতে, ময়মনসিংহ বিভাগে গত দুই মাসে ৪৬টি খুনের ঘটনা ঘটেছে। প্রাণঘাতী করোনার মধ্যেই ময়মনসিংহ জেলায় মার্চ মাসে খুন হয়েছে সাত জন, এপ্রিল মাসে বেড়ে ১৪ জন। জামালপুর জেলায় মার্চ মাসে ছয় জন, এপ্রিলে পাঁচ জন। নেত্রকোনা জেলায় মার্চ মাসে চার জন, এপ্রিলে তিন জন এবং শেরপুর জেলায় মার্চ মাসে চার জন, এপ্রিলে খুন হয়েছে তিন জন। এই হিসেবে রেঞ্জের চার জেলায় মার্চ মাসে ২১ জন খুন হলেও এপ্রিলে বেড়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

এপ্রিল মাসে উপজেলায় সর্বোচ্চ খুনের ঘটনাকে স্বীকার করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এসব খুনের মামলার এজাহারনামীয় ৩৯ জন আসামির মধ্যে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে জানান ওসি খায়ের।

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া জানান, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের মধ্যে মানুষ ঘরবন্দি হয়ে ধৈর্যশক্তি হারিয়ে ফেলছে। এসময়ে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত এবং উত্তেজিত হয়ে তুচ্ছ ঘটনায় বিরোধে জড়াচ্ছে, ফলে এই খুনের ঘটনাগুলো ঘটেছে। এপ্রিল মাসের সবগুলো খুনের ঘটনায় একেবারেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর আছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর