নারায়ণগঞ্জ বন্দর এলাকার একটি বহুতল ভবনের সেফটিক ট্যাংক বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৫ টার দিকে বন্দর উপজেলায় উইলসন রোডের দীঘিরপাড়ের রফিকুল হাসানের মোল্লাবাড়িতে এই ঘটঅনা ঘটে।
ওই ভবনের নীচতলার বাসিন্দা খোরশেদ আলমের দুই ছেলে মাসনুন (১১) ও জিসান (৭) ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত পাশের বাসার হুমায়ুনের স্ত্রী লাবণী (৩০) হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এছাড়াও নাবিলা, তামান্না, শহী, রেকমত শেখ, রুবেল নামের ৫ জন আহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের একটি ৪ তলা ও একটি টিনশেড বাড়ি।
জানা যায়, সকালে এই বাড়িটির নীচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। যেখানে বিস্ফোরণ হয় সেখানে ঘুমাচ্ছিল নিহত দুই শিশু। তারা ঘটনাস্থলেই মারা যায়। আহত লাবণী নামের অন্তঃসত্ত্বা ওই নারীকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। আহত ৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকাল সাড়ে ৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক পরিবারের ২জন এবং পরবর্তীতে একজনসহ মোট ৩জনের মৃত্যু হয়েছে। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, উইলসন রোডের রফিকুল ইসলামের মালিকানাধীন পাঁচতলা বাড়ির নিচতলায় সকালে এ ঘটনা ঘটে। সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।
বার্তাবাজার/এসজে