তালতলায় জায়গা শেষ, রায়েবাজারে হচ্ছে করোনায় মৃতদের দাফন

দেশে করোনা সংক্রমণের প্রাথমিক অবস্থায় ঢাকা সিটি করপোরেশন থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, করোনায় যারা মারা যাবে তাদের লাশ খিলগাঁওয়ের তালতলা করবরস্থানে দাফন করা হবে। কিন্তু সেখানে আর জায়গা সংকুলান না হওয়ায় নতুন করে করোনায় মারা যাওয়াদের দাফন করা হচ্ছে রায়েরবাজার বসিলা কবরস্থানে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন তালতলা কবরস্থানে শুধু করোনায় মৃতদের নয়, যারা করোনা উপসর্গে মারা গেছে তাদেরকেও দাফন করা হতো।

এসব লাশ বহন ও দাফনে নিয়োজিত মোহাম্মদপুরের আল-মারকাজুল ইসলামী নামের সংস্থা জানায়, তাদের অ্যাম্বুলেন্সে করেই লাশ নেয়া হয় কবরস্থানে। এখন পর্যন্ত তারা তালতলায় ১৯১টি লাশ দাফন করেছেন। যার কোনোটা করোনা পজেটিভ ছিল আবার কোনোটা করোনা সন্দেহের।

গত ২৫ মার্চ খিলগাঁও তালতলা কবরস্থানে করোনাভাইরাসে মারা যাওয়া প্রথমবারের মতো এক ব্যক্তিকে দাফন করা হয়।

খিলগাঁও তালতলা কবরস্থানের মোহরার মো. ফেরদৌস জানান, করোনায় মৃত কাউকে দাফনের দুই ঘন্টা আগে তাদেরকে জানানো হতো। খবর পেয়ে তারা দাফন সংক্রান্ত জিনিসপত্র প্রস্তুত করে রাখতেন। এরপর কবরস্থানের মসজিদের ইমাম দিয়ে জানাজা পড়ানো হতো। জানাজার সময় প্রত্যেকে নিজের সুরক্ষার জন্য মুখে মাস্ক পরে থাকেন। দাফন শেষে প্রত্যেকে হাত-পা ভালোভাবে ধুয়ে ফেলেন।

তিনি বলেন, বৃষ্টির কারণে কিছু জায়গায় পানি জমে গেছে, ঝিলের পানি উঠে এসেছে। আবার জায়গা সংকটের কারণে খিলগাঁও কবরস্থানে এখন কোনো লাশ দাফন হচ্ছে না। সব লাশ দাফন হচ্ছে রায়ের বাজারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর