করোনায় আক্রান্ত রোগীদের সামনে থেকে যারা চিকিৎসা দিয়ে যান তারাই পড়েছেন চরম বিপদে। কঠিন এ পরিস্থিতিতে চাকরি হারাচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেসরকারি জনবলের চিকিৎসকসহ ১৪১ জন কর্মচারী। মাত্রাতিরিক্ত রোগীর চাপ সামাল ও হাসপাতালের সরকারি কর্মচারীদের সহায়তা দিতে ওয়ানস্টপস সার্ভিসসহ বিভিন্ন বিভাগে এসব কর্মচারীদের নিয়োগ দেয়া হয়েছিল।
রোগীদের সেবা দিতে গিয়ে এদের অনেকে করোনায় আক্রান্ত হয়ে এখনও আছেন হোম কোরায়ান্টাইনে। এমতাবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক এই সিদ্ধান্তে হতভম্ব ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন কর্মচারীরা।
ধারণা করা হচ্ছে, এসব জনবল ছাটাইয়ের কারণে বহুল প্রত্যাশিত ও প্রশংসিত ওয়ানস্টপ সার্ভিস সেবা দেয়ার সক্ষমতা হারাবে। বন্ধ হয়ে যেতে পারে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ এর বায়োক্যামিক্যাল ল্যাবের সেবা কার্যক্রম। ব্যাহত হবে বিভিন্ন পরীক্ষাসহ অন্যান্য বিভাগের স্বাভাবিক সেবাদান কার্যক্রম। এতে চরম ভোগান্তির শিকার হবে রোগীরা। দৌরাত্ম্য বাড়বে দালাল সংঘবদ্ধ চক্রের।
হাসপাতাল উপ পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, করোনার কারণে রোগী কমে যাওয়ায় হাসপাতালের রক্ষণাবেক্ষণের তহবিল থেকে এখন আর এসব কর্মচারীদের বেতন ভাতা মেটানো সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ও রোগীর চাপ বাড়লে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানায় হাসপাতাল কতৃৃপক্ষ।
এসব কর্মচারীদের বেতন ভাতা মেটাতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিমাসে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করতে হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান হাসপাতালের বেসরকারি জনবলের ১৪১ কর্মচারী ও তাদের পরিবার।
কেএ/বার্তাবাজার