করোনা জয় করলেন এক পরিবারের ৫ সদস্য

সারাবিশ্বের মতো বাংলাদশেও বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। মরণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। পটুয়াখালীর বাউফল উপজেলার একই পরিবারের করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টার ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ থেকে তারা বাড়ি ফেরেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা তাদের করোনামুক্তির ছাড়পত্র দেন। পরে এক অনুষ্ঠানের মাধ্যমে করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

করোনা থেকে সেরে ওঠা ওই পাঁচজন হলেন- উপজেলার পূর্ব কালাইয়া গ্রামের আজিমন বিবি (৮০), হাওয়া বিবি (৫০), হনুফা বিবি (৪০), ফারজানা আক্তার (১৪) ও সিদ্দিকুর রহমান (২২)।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, ‘একই পরিবারের এই পাঁচজনের সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তার মানে তারা করেনাভাইরাসের মতো একটি মরণব্যাধিকে জয় করে পুরোপুরি সুস্থ।’

এ বিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আক্রান্তরা করোনার বিরুদ্ধে জয়ী হবেই।’

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল নারায়নগঞ্জ থেকে অ্যাস্বুলেন্সে করে রোগী সেজে উপজেলার কালাইয়া ইউনিয়নে আসেন ওই পাঁচজন। পরে তাদেরকে উপজেলার ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষে হোম কোয়ারেন্টিনে রেখে নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। রিপোর্ট আসলে জানা যায়, তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত। এরপর তাদের সেখানেই প্রতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর