সাভারে উদ্ধারকৃত অজ্ঞাত বৃদ্ধা মা এখন সরকারি আশ্রয়কেন্দ্রে

সম্প্রতি ঢাকার সাভারে দুইজন বৃদ্ধা মাকে করোনা পজিটিভ সন্দেহে ফেলে যায় তাদের সন্তানেরা। সেই সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের তড়িৎ মানবিক সিদ্ধান্তে ওই দু’জন মা এর চিকিৎসা সেবা শেষে তারা করোনা পজিটিভ নন জানার পরে তাদেরকে সমাজসেবা অধিদফতরের সরকারি আশ্রয় কেন্দ্রে রাখা হয়।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৪ মে রাত ১২ টা ১৫ মিনিটে সাভার উপজেলার পৌরসভাধীন ৬নং ওয়ার্ড এলাকায় আনুমানিক ৭০ বছরের অজ্ঞাত আরেকজন বৃদ্ধা মাকে সন্তান পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ছবি:বার্তাবাজার।

বিষয়টি জানতে পেরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা মা কে উদ্ধার করেন।

প্রসঙ্গত, ওই মাকে উদ্ধার কাজে উপজেলা প্রশাসনের সাথে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ, ত্রাণ ও দুর্যোগ বিভাগ, পুলিশ বিভাগ এবং ‘ম্যান ফর ম্যান ফোর্স’এর সদস্যবৃন্দ অংশ নিয়েছিলেন।

পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই মায়ের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পরে তার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে সাভার উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শিবলীজ্জামান কে দায়িত্বভার দেওয়া হয়।

এব্যাপারে মোহাম্মদ শিবলীজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাভার মহোদয়ের নির্দেশক্রমে ওই বৃদ্ধা মায়ের কোন অভিভাবক না পাওয়ায় তাদেরকে নিরাশ্রয় ব্যক্তি হিসেবে ঘোষণাপূর্বক সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত আশ্রয় কেন্দ্রে প্রেরনের সুপারিশ করি। সেই মোতাবেক তাকে গাজীপুরের কাশিমপুরের সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর