পঞ্চগড় কারাগারে কয়েদীর করোনা শনাক্ত, ওয়ার্ড লকডাউন

পঞ্চগড় জেলা কারাগারে এক কয়েদীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। নতুন করে আরো ৫৫ জন কয়েদীর নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেনন তিনি।

কারাগার সূত্রে জানা যায়, ওই বন্দী গত ৩ মার্চ ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে পঞ্চগড় কারাগারে আসেন। এর মধ্যে একবার তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। এছাড়াও আগে থেকেই তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন। গত পহেলা মে রাতে তার অ্যাজমার সমস্যা বেড়ে গেলে শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাতেই তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন মধ্য রাতে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে পুলিশি পাহারায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পরও শ্বাসকষ্ট থাকায় ৩ মে তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকেরা। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই বন্দীর নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার শফিকুল আলম বলেন, তাঁকে হাসপাতালে পাঠানোর পর আমরা বন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা গ্রহণ করি। মঙ্গলবার রাতে ওই বন্দীর শরীরে করোনা শনাক্ত হওয়ার খবর পেয়ে তিনি যে ওয়ার্ডে ছিলেন, সেটি লকডাউন করে দেওয়া হয়েছে। ওই ওয়ার্ডে থাকা ৫২ জন কয়েদীকে বিশেষ নজরদারিতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আক্রান্ত কয়েদীকে হাসপাতাল নেওয়া থেকে শুরু করে তার সংস্পর্শে আসা চারজন কারারক্ষীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সিভিল সার্জন মো. ফজলুর রহমান বলেন, আক্রান্ত কয়েদী যে ওয়ার্ডে থাকতেন ওই ওয়ার্ডে থাকা ৫২ জন কয়েদীসহ মোট ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে থাকা কারারক্ষী, পুলিশ সদস্যসহ অন্যদেরও পর্যায়ক্রমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর