করোনার জন্য পেছাবে না বাজেট ঘোষণা : অর্থমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। জরুরি কিছু খাত ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। তবে এমন পরিস্থিতিতেও বাজেট ঘোষণা পেছাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী বাজেট যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে।

বৃহস্পতিবার (৭ মে) এক অডিও বার্তায় অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের বাজেট আগামী ১১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপনের প্রস্ততি শুরু করেছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট প্রণয়নের আগে প্রখ্যাত ব্যক্তিবর্গ, দেশবরেণ্য অর্থনীতিবিদ, এনজিওসহ বিভিন্ন ধরনের মানুষের পরামর্শ নেয়া হতো এবং তারপর তা ঘোষণা করা হতো। এতে বাজেটটার গ্রহণযোগ্যতা বাড়তো জনগণের কাছে। কিন্তু এবার সে সুযোগ আমরা পাচ্ছি না। আমরা দীর্ঘদিনের এ নিয়ম এবার বাস্তবায়ন করতে পারছি না।

‘তবে এবার বাজেট বিষয়ে অনলাইনে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, এনজিওদের যুক্ত করার চেষ্টা করছি। এজন্য ওয়েবসাইটে আমরা পরামর্শ নিচ্ছি। দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক সামনের বাজেটটি কিভাবে দেখতে চান, এ ব্যাপারে তাদের মতামত চাচ্ছি। আমরা তাদের আশ্বস্ত করতে পারি। তাদের সব ধরনের প্রস্তাব আমরা পড়বো। যতগুলো সম্ভব আমরা গ্রহণ করবো। যেগুলা এবার গ্রহণ করতে পারবো না, সেগুলো আগামী বছরের জন্য রেখে দেয়া হবে।’

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, করোনাভাইরাসের প্রভাবে বাজেট দেরি হবে না। বাজেট পেছাবে না। বাজেট পেছানোর উপায় নেই। সংবিধান যেভাবে চায় সেভাবেই বাজেট হবে। আমাদের অনেক চলমান প্রকল্প আছে সেগুলা শেষ করতে হবে। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। আমরা বছরটা যেভাবে শুরু করেছিলাম সেভাবে শেষ করতে পারছি না। প্রথম আট মাস আমরা ভালোভাবে কাটিয়েছি। এখন শেষ চার মাস খারাপ যাচ্ছে। দেশবাসীর জন্য দোয়া করছি। আমিও দোয়া চাচ্ছি। সবার জন্য দোয়া করছি, সবাই যেন করোনামুক্ত থাকতে পারি।

এদিকে জাতীয় সংসদে বাজেট উত্থাপনের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি সম্প্রতি সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী ১১ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। একই সঙ্গে সংসদে উত্থাপন করবেন ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেট।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর