মোবাইল ফোনে কথা বলা ও ফেসবুক ব্যবহারে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে বরগুনার বেতাগী উপজেলায় এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৭ই মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রী বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ছোট বদনীখালী গ্রামের ৭নং ওয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা (দুবাই প্রবাসী) আশ্রাফ আলী মৃধার মেয়ে রুমি আক্তার (১৮)। তিনি বামনা উপজেলার বেগম ফয়েজুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের এইচ.এস.সি প্রথম বর্ষের ছাত্রী।
জানা যায়, মোবাইলে কথা বলা ও সামাজিক মাধ্যম ফেসবুকে বেশি সময় পার করার বিষয় নিয়ে মা ও মেয়ের সঙ্গে বাগবিতন্ডা হয়। এতে অভিমান করে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সবার অজান্তে শয়ন কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রুমি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ও রহস্য আরো নিশ্চিতভাবে বলা যাবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস