চলমান করোনা পরিস্থিতিতে যে সকল বেসকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়া হচ্ছে তাদেরকে চলতি সেমিস্টার পরীক্ষাও অনলাইনে নেয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। তবে শর্ত হচ্ছে যাদের অনলাইন ক্লাসে কমপক্ষে ৬০ শতাংশ শিক্ষার্থী অংশ নেয় কেবল তারাই অনলাইনে পরীক্ষা নিতে পারবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে বেসরকারি বিশ্ববিদ্যালগুলোতে অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি করা নিয়ে বৃহস্পতিবার (৭ মে) এই নির্দেশনা প্রকাশ করা হয়।
প্রকাশিত নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো চলতি সেমিস্টারের অসমাপ্ত কার্যক্রম (পাঠদান, পরীক্ষা ও মূল্যায়ন) অনলাইনেই শেষ করতে পারবে। এছাড়া আগামী জুনে অনলাইনে নতুন শিক্ষার্থী ভর্তিও করতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। একই সঙ্গে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরের সেমিস্টারের ক্লাস-পরীক্ষাও অনলাইনে নিতে পারবে।
ইউজিসির প্রকাশিত নির্দেশনায় বলা হয়, নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদান, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তির বিষয়ে বৃহস্পতিবার (৭ মে) একটি গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গাইডলাইনটি ইউজিসি ওয়েবসাইটে প্রকাশসহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে। ইউজিসি প্রণীত নির্দেশনাটি www.ugc.gov.bd -এর নোটিশ অপশনে পাওয়া যাবে।
বার্তাবাজার/এসজে