মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সকল থানার প্রবেশমুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হচ্ছে। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এই টানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান জানান, ডিএমপির কমিশনারের নির্দেশে পুলিশ সদস্য ও থানায় আসা সেবা গ্রহীতাদের স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৬ মে) রাতে এই নির্দেশনা দেয়া হয়। ইতোমধ্যে রাজধানীর কাফরুল, গুলশানসহ কয়েকটি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। বাকি থানাগুলোতেও আগামী কয়েকদিনের মধ্যেই টানেল স্থাপন করা হবে।
ডিএমপি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে জীবাণুনাশক টানেল স্থাপনের ফলে থানায় কর্মরত পুলিশ সদস্যরা স্বস্তির সঙ্গে কাজ করতে পারছেন। সারা দেশের করোনা সংক্রমিত রোগীর প্রায় ১০ শতাংশই বাংলাদেশ পুলিশের সদস্য ও কর্মকর্তা। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে প্রথম সারির যোদ্ধা হিসেবে পুলিশ সরাসরি মাঠে থেকে জনকল্যাণে বহুমুখী কাজ করে চলেছে।
বার্তাবাজার/এসজে