চলতি বছরের গত ৪ মাসে সারাদেশে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু হয়েছে। তবে শুধু এপ্রিলেই ৭০ জন মারা গেছেন। আর সবচেয়ে বেশি ৪০ জন মারা গেছেন কৃষি কাজ করার সময়।
সেভ দ্য সোসাইটি অ্যান্ড থাণ্ডারস্টম অ্যাওয়ারনেস ফোরামের রিপোর্টে এ তথ্য জানা যায়। বজ্রপাতে বেশি মৃত্যুর সংখ্যা পটুয়াখালী ও সিলেট জেলায়।
বৃহস্পতিবার (৭ মে) অনলাইনে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা ও গবেষণা সেলের প্রধান নির্বাহী আব্দুল আলিম।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০ সালের জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বজ্রপাতে সারাদেশে ৭৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ১১ নারী এবং ৬৮ পুরুষ। নারী ও পুরুষের মধ্যে তিন শিশু এবং ৯ কিশোর রয়েছে।
এ চার মাসে বজ্রাপাতে আহত হয়েছেন ২১ জন। তাদের মধ্যে ১৫ পুরুষ এবং ছয় নারী রয়েছেন। নারী ও পুরুষের মধ্যে দুইজন কিশোর রয়েছে।
সাধারণত প্রচণ্ড শীত থাকায় জানুয়ারি মাসে দেশে বজ্রপাত হয় না। তবে এবার কনকনে শীতের মধ্যেও জানুয়ারি মাসে বজ্রপাতে তিনজন মারা গেছেন। ফেব্রুয়ারিতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মার্চে ছয়জন এবং এপ্রিলে ৭০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে মার্চে দুই নারী এবং চার পুরুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে মার্চে আহত হয়েছেন ছয়জন। এরমধ্যে দুইজন পুরুষ এবং চারজন নারী।
বার্তাবাজার/এমকে