দোকান-শপিংমল খোলা না খোলা মালিক পক্ষের সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মালিক সমিতির আবেদনের পরই শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার, এখন খোলা না খোলা মালিক পক্ষের সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিষয়ক এক বৈঠক শেষে তিনি একথা বলেন।

দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, শনিবার থেকে টিসিবি ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। আগামী ৪ মাস নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

করোনা সংকটে এক মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের দোকানপাট আর শপিংমল। পহেলা বৈশাখের ব্যবসায় এবার হয়েছে ভরাডুবি। রমজানের প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেছে। ঈদ সামনে রেখে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যের ভয়াবহ ক্ষতি বিবেচনায় নিয়ে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে গত সোমবার কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর আগামী ১০ মে থেকে সীমিত আকারে দোকানপাট আর শপিংমল খোলার অনুমতি দেয় সরকার।

দেশের বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক বৈঠকে বৃহস্পতিবার (০৭ মে) বাণিজ্যমন্ত্রী জানান, সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক শপিংমলে কেনাকাটার নির্দেশনা জারির চিন্তা করছে সরকার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর