করোনার তথ্য নিয়ে জনগণের সাথে প্রতারনা করছে সরকার: ফখরুল

সরকার করোনাকালে মানুষকে অসত্য তথ্য উপাত্ত দিয়ে প্রতারিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৭ মে) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, করোনা বিষয়ে সরকারের পক্ষ থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার যে তথ্য দেয়া হচ্ছে তা দেশের কোনো মানুষ এখন আর বিশ্বাস করে না। সংক্রমন অতিমাত্রায় বৃদ্ধি পেলেও তাদের ভাষ্যমতে মৃতের সংখ্যা ২/৩/৪ জনে এসে পৌছেছে। অথচ যেদিন ৩ জন মারা গেলেন ঐদিন ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন তার ওইখানে মারা গেছেন ৩১ জন।

ফখরুল বলেন, দেশের মানুষের এমন বিপদের দিনেও তারা জনগণকে বিভ্রান্ত করছে, প্রতারণা করছে। এটা ক্রিমিনাল অফেন্স ছাড়া কী বলবো আমরা?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গ টেন বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব অত্যন্ত সুবেশি ও টিপটপ জেন্টেলম্যান। তিনি সুযোগ পেলেই বিএনপিকে আক্রমণ করেন। আমি একটা কথা বলতে চাই, আপনি যে কথাগুলো বলেন, সেটা কি পরে আবার শোনেন, কি বলছেন? শোনা উচিত এজন্য যে, তাহলে নিজেই বুঝবেন যে, জনগণ আপনার কথা বিশ্বাস করছে না, তাহলে নিজেই বুঝবেন যে, এ কথাগুলো সঠিক নয়।’

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবস্থাপনায় গণমাধ্যমের সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা (পিপিই) দেওয়া উপলক্ষে এ অনুষ্ঠান হয়। পরে সাংবাদিকদের হাতে পিপিই তুলে দেন বিএনপির মহাসচিব।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পরিচালনায় অনুষ্ঠানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি রাশেদুল হক বক্তব্য রাখেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর