দীর্ঘ ছয় মাস সরকারবিহীন ইরাকে নতুন করে সরকার গঠন করা হয়েছে। বুধবার (৬ মে) দেশটির সংসদে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে মোস্তফা আল কাজেমি নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
২০১৯ সালের ৩০ নভেম্বর ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদী জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর চলতি বছরের ১ ফেব্রুয়ারি আবার সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন যোগাযোগমন্ত্রী মোহাম্মদ তৌফিক আলাউয়ি। কিন্তু তাকেও জনরোষে পদত্যাগ করতে হয়।
এরপর ১৭ মার্চ প্রধানমন্ত্রী হিসাবে আদনান আল-জুরফির নাম ঘোষনা হলে তিনিও মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন। তার প্রেক্ষিতে ৯ এপ্রিল মোস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠকের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন।
আইনপ্রণেতাদের ভোটে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রার্থী নির্বাচনে সক্ষম হয়েছেন তিনি। তবে তেল, পররাষ্ট্র, আইন, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য তার মনোনীত প্রার্থীরা আইনপ্রণেতাদের সমর্থন অর্জন করতে পারেননি। তাই আপাতত পূর্ণ মন্ত্রিসভা ছড়াই সরকার গঠন করতে হচ্ছে কাজেমিকে।
শপথ নিয়ে নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলা এবং বিক্ষোভের সুরাহা করাই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। কাজেমি একসময় দেশটির গোয়েন্দা প্রধান ছিলেন। পেশাজীবনের শুরুতে সাংবাদিকতা করতেন তিনি। সূত্র-আল জাজিরা, গার্ডিয়ান।
বার্তাবাজার/এসজে