মহামারী করোনা ছড়ানোর পর থেকে একের পর এক জনপ্রতিনিধি আক্রান্ত হচ্ছেন। এবার আক্রান্ত হলেন ফেনীর দাগনভূইয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। বুধবার (৬ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম।
আক্রান্ত ওই মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও ফেনী থেকে প্রকাশিত দুটি পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম বলেন, কোনো উপসর্গ না থাকা সত্ত্বেও গত ৩ মে উনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার রাতে রিপোর্ট পাওয়ার পর দেখা গেল উনি করোনায় আক্রান্ত। এর আগে উপজেলা প্রকল্প কর্মকর্তার করোনা হয়েছিল। ধারণা করা হচ্ছে ওই নারী জনপ্রতিনিধি প্রকল্প কর্মকর্তার সংস্পর্শেই আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, বুধবার রাত পর্যন্ত জেলায় ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।এর মধ্যে পরপর দু’বার রিপোর্টে করোনা নেগেটিভ হওয়ায় বুধবার দুপুরে দু’জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়।
বার্তাবাজার/এসজে