করোনার আক্রমণ নাইন ইলেভেন হামলার চেয়েও ভয়াবহ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মরণঘাতী করোনাভাইরাসে গত দু’সপ্তাহের মধ্যে বুধবার একদিনে সর্বোচ্চ ২৫শ’ ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। এর মাধ্যমে দেশটিতে মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়ালো।

করোনার এ অবস্থাকে পার্ল হারবার এবং নাইন ইলেভেন হামলার চেয়েও ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে কোনভাবেই থামছে না মৃত্যুর মিছিল। দেশটিতে বুধবার দু’ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এদিনও সবচেয়ে বেশি মারা গেছেন বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক আর উৎকন্ঠাও কমছে না। প্রতিটি দিন কাটছে অনিশ্চয়তায়।

এমন টালমাটাল পরিস্থিতিতে চিন্তিত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে করোনাভাইরাস নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এটি প্রতিরোধে গঠিত টাস্কফোর্স অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিষেধক এবং ওষুধ তৈরিতে কাজ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, এমন খারাপ সময় আগে কখনো আসেনি। এটা পার্ল হারবার এমনকি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার চেয়েও ভয়াবহ। উৎস থেকেই এই ভাইরাস থামানো উচিত ছিল। চীনেরই উচিত ছিলো এটা থামানো, কিন্তু তারা তা করেনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর