দেশে গত ৮ মার্চ প্রথম মরণঘাতী করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে গতকাল (৬ মে) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ভাইরাসে ১১ হাজার ৭১৯ জন আক্রান্ত এবং ১৮৬ জনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানী ঢাকার। ঢাকার বাইরে ঢাকা বিভাগে আরও ৫৬ জনের অর্থাৎ বিভাগের সর্বোচ্চ ১৫৬ জনের মৃত্যু হয়। শতাংশের হিসাবে মোট মৃতের প্রায় ৮৪ শতাংশ ঢাকা বিভাগের।
স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল সূত্রে জানা যায়, শুধু মৃতের পরিসংখ্যানই নয়, করোনাভাইরাসের সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়লেও সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা তথা ঢাকা বিভাগের বিভিন্ন জেলা। গতকাল পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৭১৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৮৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানে দেখা যায়, আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন অর্থাৎ মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৫ হাজার ৬৭৪ জন (৫৮ দশমিক ৬৫ শতাংশ) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২ হাজার ৩৬১ জন (২৪ দশমিক ৪০ শতাংশ) আক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৪ জন।
বার্তাবাজার/এমকে