ঠাকুরগাঁওয়ে বউয়ের সাথে ঝগড়া করে নিজের লিঙ্গ কেটে ফেলল যুবক

বউয়ের ঝগড়া করে ভাইয়ের খোঁজে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার খালেক (৩৫) নামে এক যুবক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় এক আত্মীয়ের বাসায় এসেছিলো। গত কয়েকদিন ধরে তাকে উপজেলার বিভিন্ন স্থানে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেখেছে উপজেলাবাসী।

এরইমধ্যে আজ বুধবার (৬ মে) সকালে তাকে রাস্তার পাশে লিঙ্গ কর্তনসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাণীশংকৈল হাসপাতাল থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে যুবক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লিঙ্গ কর্তনকারী যুবকটি মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল আনাম ডন জানান, তাকে বেশ কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখেছে উপজেলাবাসী। আজ সে নিজেই নিজের লিঙ্গ কর্তন করে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলো। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার নাম খালেক বলে জানায় এবং তার বাড়ী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নন্দলালপুরে। এছাড়া আর সে কিছুই বলতে পারেনি।

হাসপাতালে চিকিৎসাধীন যুবকটিকে এ বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হলে তার বাড়ি ফরিদপুর, তার মাথায় সমস্যা আছে, বাড়িতে বউয়ের সাথে রাগ করে এসেছে, ভাইকে খুঁজতে এসেছে- এসব উলটপালট কথাবার্তা বলে।

এদিকে পরিচয়হীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন যুবককে নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর