মেহেরপুরে নার্সসহ আরও ৩ জন করোনায় আক্রান্ত

মেহেরপুরে এক নার্সসহ ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ৬জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তরা হলেন-মেহেরপুর জেনারেল হাসপাতালের এক নার্স, গাংনী উপজেলার সীমান্তবর্তি রংমহল গ্রামের বাসিন্দা ৩৯ বছর বয়সী এক ব্যক্তি ও একই উপজেলার ষোলটাকা গ্রামের ৩৮ বছর বয়সী এক ব্যক্তি।

এদের মধ্যে আক্রান্ত নার্স করোনা রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। অন্য দুইজনের একজন ওমানফেরত প্রবাসী ও অন্যজন সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন বলে জানা গেছে।

বুধবার (৬ মে) মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম সাংবাদিকদের জানান, রংমহল ও ষোলটাকা গ্রামের দু’জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে বাড়িতে ফিরে আসার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়। এবং হোম কোয়ারেন্টিনে রাখা হয়। নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর তাদের দু’জনের কোভিড-১৯ পজিটিভ দেখা দেয়। এখন তাদের এলাকা লকডাউন করা হয়েছে।

উল্লেখ্য,মেহেরপুর জেলার তিনটি উপজেলা রয়েছে। মেহেরপুর সদর ও গাংনী এবং মুজিবনগর উপজেলা। মেহেরপুর জেলায় এর আগে ৪জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় একজন ও মুজিবনগর উপজেলায় ৩জন। আক্রান্তদের মধ্যে মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ইদ্রিস আলীর মৃত্যু হয়। তার দাফন কাজে অংশ নেয়ায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি,মুজিবগর থানার তদন্ত পরিদর্শকসহ স্বাস্থ্য বিভাগের ২৭জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

এরপর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরে তাদের নমুনায় নেগেটিভ দেখা দেয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর