করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এলাকাছাড়া চেয়ারম্যান!

মহামারি করোনাভাইরাসের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও সকল জনপ্রতিনিধিসহ সরকারী কর্মকর্তাদের এলাকায় থাকা বাধ্যতামূলক করে দেয়। কিন্তু নেত্রকোনার দলপা ইউনিয়নে করোনা রোগী শনাক্ত হতেই ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। এই দুর্যোগে তাকে কাছে না পাওয়ায় এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ওই চেয়ারম্যানকে এলাকায় দেখা যায়নি। জানা গেছে, ওই চেয়ারম্যান ঢাকাস্থ নিজ বাসায় অবস্থান করছেন। এদিকে রোগী শনাক্তের পরই ওই ইউনিয়ন গত ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করা হয়। এ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় আলোচনাও উঠে।

এ বিষয়ে চেয়ারম্যান আমিনুর রহমান খান পাঠানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সকলেরই তো পরিবার রয়েছে। কাজ তো থাকতেই পারে। আমি বাড়ি নেই এইটা অন্যরা বললেই তো হবে না। তাছাড়া আজই আসছি রাস্তায় আছি। কাল তো ভিজিডির চালও দিবো লিষ্ট হয়েছে।’ কবে ঢাকায় গিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘হবে কয়েকদিন’।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম বলেন, চেয়ারম্যান লিখিত দেননি। তবে আমাকে মোবাইল ফোনে জানিয়েছিলেন ইউনিয়নটি লকডাউনের পূর্বেই। সরকারী নিয়মে ষ্টেশন লিভ করার কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর