করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনলাইনে পাঠদান চালু করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বিশ্ববিদ্যালয়কে সেশন জট মুক্ত রাখতে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন বিভাগের সভাপতি ও ডিনসহ সংশ্লিষ্ট সকলে অনলাইনে পাঠদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা যায়, বুধবার (৬ মে) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি ও ডিনদের সাথে আলোচনা করেছেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
এসময় উপাচার্য শিক্ষার্থীদের সেশনজটের হাত থেকে রক্ষা করার জন্য বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত অনলাইন প্রক্রিয়ায় ক্লাসসমূহ চালু রাখার অনুরোধ জানালে সংশ্লিষ্ট সকলে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উক্ত ভিডিও কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং কোষাধক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা সংযুক্ত ছিলেন বলে জানা গেছে।
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী মুঠোফোনে বলেন, আগামী সপ্তাহ থেকে ব্যাপকভাবে অনলাইনে ক্লাস শুরু হবে। আমরা কোনভাবেই চাইনা ইসলামী বিশ্ববিদ্যালয় সেশন জ্যামের মুখোমুখি হোক। করোনা পরিস্থিতি সাহসিকতার সাথে মোকাবিলা করার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আহ্বানে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন অনলাইন শিক্ষা চালু করছে। সকল বিভাগীয় সভাপতির সাথে কথা বলে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।
শিক্ষার্থীরা নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লাসে যুক্ত না হতে পারার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ভয়ের কারণ নেই। যদি কোন শিক্ষার্থী অনলাইন ক্লাসে নেটওয়ার্ক সমস্যার কারণে সংযুক্ত হতে না পারে যথাযথ প্রমাণ দাখিল করলে পরবর্তীতে নিশ্চয়ই বিকল্প ব্যবস্থা গ্রহণ করবো।
বার্তা বাজার/এম.সি