ভারতের কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদীনের প্রধান কমান্ডার রিয়াজ নাইকু যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে নিহত হয়েছে। বুধবার (৬ মে) সকালের দিকে প্রদেশের পুলওয়ামা জেলায় রিয়াজ নাইকুসহ তার সংগঠনের আরও দুজন নিহত হয়েছেন।
ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে, জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার বেইঘপুরা এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের সন্ত্রাস-বিরোধী যৌথ অভিযানে নিহত হয়েছেন নাইকু। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর জ্যেষ্ঠ একাধিক কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
এই পরিস্থিতিতে কাশ্মীরে পৃথক তিনটি যৌথ অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার সকালের দিকে পুলওয়ামার প্যাম্পোর এলাকায় অন্য একটি অভিযানে আরও দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
গত মাসে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর অন্তত ২২ সদস্য নিহত হয়।
বার্তাবাজার/এসজে