দেশে পুলিশ আক্রান্তের সংখ্যা ১২শ’ ছুঁই ছুঁই

চলমান করোনা পরিস্থিতিতে দেশে মানবতার সেবায় যারা নিজেদের বিলিয়ে দিচ্ছেন তাদের মাঝে একদল হচ্ছেন পুলিশ বাহিনী। দিন রাত সামনে থেকে কাজ করে যাওয়ায় তাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৭ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১৯০ জনে। এদের মাঝে ৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেরই (ডিএমপি) ৫৭৬ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি। করোনায় মাঠপর্যায়ের সদস্য ছাড়াও তাদের দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন রেঞ্জের দেয়া তথ্য উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২৬০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে আছেন। দায়িত্ব পালনের সময় তারা যেন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষিত করতে পারেন এ বিষয়ে আমরা তাদের সচেতন করেছি। তাদের প্রয়োজনীয় সুরক্ষ্মা সামগ্রী দেয়া হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর