টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত: অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই সহোদরসহ তিন শীর্ষ ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫পুলিশ সদস্য। ঘটনাস্থল হতে ১৮টি বিভিন্ন ধরনের দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২’শ রাউন্ড গুলি ও ৫৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

নিহতরা হলো, রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ভুলাইয়্যা বইদ্যের পুত্র নুরুল আলম (৪০) তার সহোদর ছৈয়দ আলম (৩৫) ও শব্বির আহমদের পুত্র আব্দুল মোনাফ (২০)।

আজ (বুধবার) ভোর থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত টেকনাফের রঙিখালী গহিন অরণ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে রঙ্গিখালীর গহিন অরণ্যে ডাকাতের আস্তানায় অভিযান চালায় পুলিশ। ডাকাত দলের আস্তানা ঘেরাও করে ফেললে তারা পুলিশের উপর গুলি চালায়। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় ঘটনাস্থলে নিহত হয় ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং আব্দুল মোনাফ। পরে ডাকাত গ্রুপের আস্তানা থেকে ১৮টি দেশি বিদেশি অস্ত্র ২শ রাউন্ড গুলি এবং ৫৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি জানান, নিহত ডাকাত সদস্যদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর