করোনা নিয়ে বিএনপি নয়, জুয়া খেলছে সরকার: রিজভী

সারাদেশে ভয়াবহ রকম পরিস্থিতি বিরাজ করছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের নেতাদের বাড়ির মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল এবং খাটের ভিতর তেল পাওয়া যাচ্ছে। এটা হওয়ার কথা নয়। কারণ, এরা নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নেই বলেই তারা অসহায় দুস্থ মানুষদের দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ আত্মসাত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৬ মে) সকালে রাজশাহী মহানগরীর কাজির হাট এলাকায় রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

সরকারের একজন মন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব বলেন, করোনা ভাইরাস নিয়ে বিএনপি নয়, জুয়া খেলছে সরকার। সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমরা সরকারি কোনো রিলিফ পাই না। আমরা নিজেদের পয়সা খরচ করে ত্রাণের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ পরিবারকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ত্রাণ সরবরাহ করছে। আমরা কেউ বসে নেই। পাড়ায়-মহল্লায় নেতাকর্মীরা কাজ করছে। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন শপিংমলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানও খুলে দেয়া হয়েছে। যেখানে ছোঁয়াচে এমন একটি রোগ একজনের কাছ থেকে অন্য জনের শরীরে গেলে জীবননাশের সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এরকম পরিস্থিতিতে সরকার শপিং মল খুলে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন খুলে না দিলে কিভাবে চলবে। তাদের কথায় মনে হচ্ছে মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না।

ত্রাণ বিতরণের সময় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, বিশ্বব্যাপী করোনার প্রকোপে শুধু মানুষের জীবন নয় খাবারের জন্য, ত্রাণের জন্য হাহাকার করছে। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোনো কাজ নেই। তাদের বাড়িতে ত্রাণ পৌঁছাচ্ছে না। এরকম পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদল যে উদ্যোগ নিয়েছে তার জন্য তাদের শুভেচ্ছা জানাচ্ছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর