ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৬ মে) এক শোকবার্তায় তিনি জানান, হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে আমরা একজন জনবান্ধব রাজনীতিবিদকে হারালাম। তিনি তার কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-৫ আসনের এ এমপি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের তিন মেয়াদের সংসদ সদস্য।
২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
বার্তাবাজার/এমকে