ঢাকার সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ জন গার্মেন্টস কর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত মোট কর্মীদের মাঝে প্রায় অর্ধেকই পোশাক কারখানার শ্রমিক। এই অবস্থার সমাধানে বুধবার (৬ মে) আবারও এক জরুরী বৈঠকে বসবে সাভার উপজেলা প্রশাসন। ভিডিও কনফারেন্সে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানিয়েছেন, পোশাক কারখানা খুলে দেয়ার কারণেই এই সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, উপজেলায় সর্বমোট ৬১৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৪৪ জনের দেহে। এদের মধ্যে ২০ জনই বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। এছাড়াও একজন চিকিৎসক, একজন এমএলএসএস, একজন ইন্টার্ন ম্যাটস। আর অবশিষ্টরা হলেন- খেটে খাওয়া সাধারণ জনগণ।
একইসাথে তৈরি পোশাক শ্রমিকদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সাভার উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সাভার ও শিল্পাঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়। তবে উর্ধ্বতন পর্যায় থেকে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় পরবর্তী করণীয় নিয়ে পুনরায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৈঠকে বসতে যাচ্ছে স্থানীয় প্রশাসন।
বার্তাবাজার/এসজে