যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষায় ৪ জেলায় নতুন করে আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার যবিপ্রবির ল্যাবে চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
বুধবার (৬ মে) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল জানানো হয়।
এর মধ্যে যশোরে একজন, ঝিনাইদহে ছয়জন ও চুয়াডাঙ্গায় পাঁচজন ও মেহেরপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৪৬ জনের নমুনায় নেগেটিভ ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ১৩ দিনে ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ৬৭ জন রোগী যশোরের।
যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ল্যাবে মঙ্গলবার ১৩তম দিনে চার জেলার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে যশোরের ২৩ জনের নমুনা পরীক্ষায় একজন, ঝিনাইদহের ১৫ জনের নমুনায় ছয়জন, চুয়াডাঙ্গার পাঁচজনের নমুনায় পাঁচজনই এবং মেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/এমকে