রাজধানীর পুরান ঢাকাসহ অন্য স্থানগুলোতে যে আপেল ১৭৭ টাকা দিয়ে এক কেজি পাওয়া যায়, সেই আপেল গুলশানের ইউনিমার্ট সুপারশপে বিক্রি হচ্ছে ৮৮৫ টাকায়। আধা ঘন্টা পথ অতিক্রম করতে করতেই দাম বেড়ে গিয়েছে ৭০৮ টাকা! এমন ভয়াবহ তথ্য বেড়িয়ে এসেছে মঙ্গলবারের (৫ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযানে।
ভোক্তা অধিকার সংরক্ষণের ওই অভিযান পরিচালনা করেন অধিদফতরটির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। তার সঙ্গে ছিলেন উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক রোজিনা সুলতানা।
উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, রমজান উপলক্ষে কতিপয় ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে মানুষদেরকে জিম্মি করে রাখছে। বিষয়টি তদারকি করতে আজকে রাজধানীর পুরান ঢাকার বাদামতলীর পাইকারি ফলের আড়ত ও গুলশানের ইউনিমার্টে অভিযান চালানো হয়।
অভিযানে গিয়ে দেখা যায়, বাদামতলীর মদিনা হিমাগারে যে আপেল ১৭৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ওই আপেল ইউনিমার্ট বিক্রি করছে কেজি ৮৮৫ টাকা। কেজিতে দামের পার্থক্য ৭০৮ টাকা। ইউনিমার্ট খেঁজুরের দামও বেশি নিচ্ছে। অর্থাৎ সরাসরি ভোক্তার পকেট কাটছে তারা।
এ বিষয়ে ইউনিমার্টের ম্যানেজার বলেন, আপেলসহ বিভিন্ন ফল নির্ধারিত সাপ্লাইয়ার তাদের সরবরাহ করেছে। সাপ্লাইয়ার আপেলের দাম ৭০৮ টাকা নিয়েছে। ৭০৮ টাকার আপেল তারা ৮৮৫ টাকায় বিক্রি করছে।
অতিরিক্ত দামে ফল বিক্রি করায় ব্যাখ্যা তলবের জন্য আগামী রোববার (১০ মে) ইউনিমার্ট কর্তৃপক্ষ ও সাপ্লাইয়ারকে ডাকা হয়েছে। তারা যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
বার্তাবাজার/এসজে