ঈদের আগেই ১৬০০ টাকা করে পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

চলমান করোনা পরিস্থিতির মাঝেই প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে। দেশের ৬৬ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকেই ১৬০০ টাকা করে পাবে। তাদের ৬ মাসের বকেয়া উপবৃত্তির সঙ্গে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা কেনার জন্য এই টাকা দেয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত অর্থ ছাড়ের আদেশ দেওয়া হয়েছে। ঈদের আগেই অভিভাবকদের ফোনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পৌঁছে যাবে।

প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্পের (তৃতীয় পর্যায়) পরিচালক মো. ইউসুফ আলী জানান, আগামী ১৪ মে’র মধ্যে উপবৃত্তির তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ বিতরণের জন্য সুবিধাভোগীর তালিকা রুপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডের জন্য উপজেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের আদেশে বলা হয়, সরকার রমজানের ঈদের আগেই উপবৃত্তির অর্থ সুবিধাভোগীদের মোবাইলে পাঠাতে চায়। ১৪ মে’র মধ্যে উপবৃত্তির সুবিধাভোগীর তালিকা রুপালী ব্যাংকের শিওর ক্যাশের পোর্টালে আপলোডে ব্যর্থ হলে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের ৬৬ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের সবাই সরকারের দেওয়া উপবৃত্তি পেয়ে থাকে। প্রত্যেক শিক্ষার্থী মাসে ১০০ টাকা করে উপবৃত্তি পেয়ে থাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর