যেভাবে হবে গেইল-রিয়াদদের স্বাক্ষরিত ব্যাটের নিলাম

শুধু ক্রিকেটাররা নয়,করোনাভাইরাস সংক্রমণ প্রভাব বিস্তারের শুরু থেকেই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ক্রিকেটারদের পাশাপাশি এবার করোনাকালে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা যোগ দিয়েছে ‘স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের’ সাথে। নিলামে উঠছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সকল খেলোয়াড়দের স্বাক্ষরিত অফিসিয়াল টিম ব্যাট।

সর্বোচ্চ পরিমাণ অনুদান দিয়ে ব্যাটটি নিজের করে নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ পাঁচ অনুদানকারী ফেসবুক লাইভে যুক্ত হতে পারবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা প্রিয় ক্রিকেটারদের সাথে।

এই পুরো কার্যক্রমে প্রচলিত নিলামের চেয়ে কিছুটা ভিন্নতা লক্ষ্যণীয়। যার মূল কারণ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের তহবিল গঠন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলের সবশেষ আসরে খেলা দেশি বিদেশী ২০ জন ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে বিশেষ এই ব্যাটে। যাদের মধ্যে আছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, রুবেল হোসেনরাও।

চলসবাই ডট কম (choloshobai.com) ই-কমার্স প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ইতোমধ্যে শুরু হয়েছে নিলাম প্রক্রিয়া। যে কেউই চাইলে https://choloshobai.com/campaign/challengers/ লিংকে গিয়ে নিজের সামর্থ্য অনুসারে অনুদান দিতে পারবেন। আগামী ১৬ মে পর্যন্ত চলবে এই নিলাম, সর্বোচ্চ অনুদান দেওয়া ব্যক্তি পাবেন গেইল-রিয়াদদের স্বাক্ষরিত ব্যাটটি। অন্যদিকে সর্বোচ্চ ৫ অনুদানকারী যুক্ত হবেন ক্রিকেটারদের নিয়ে নিলাম প্রক্রিয়া সম্পন্ন অনুষ্ঠানের লাইভ সেশনে।

নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই যাবে অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান ‘স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনে’। যা ব্যয় করা হবে করোনাকালে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ সেবায়। প্রতিষ্ঠানটি বেশ কয়েকবছর ধরে কাজ করে আসছে দেশের নিপীড়িত জনপদের স্বাস্থ সেবা সরবরাহে।

করোনা প্রভাব বিস্তারের শুরু থেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে বিপিএলের গত মৌসুমে অংশ নেওয়া সব ক্রিকেটারই ভক্ত-সমর্থকদের জন্য দিয়েছে ভিডিও বার্তা।

https://www.facebook.com/ctg.challengers/

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর