দেশে ফিরতে না পেরে আত্মহত্যা করলেন লেবানন প্রবাসী

লকডাউনে কাজ হারিয়ে দেশে ফিরতে চেয়েও ব্যর্থ হন এক লেবানন প্রবাসী। পরে হতাশায় আত্মহত্যা করেন রাসেল নামের ওই প্রবাসী।

মঙ্গলবার (৫ মে) সকালে জুনি’র একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লেবানন পুলিশ।

নিহত রাসেল মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার গোমরাগুল গ্রামের করিম আলীর ছেলে।

উদ্ধারের পর রাসেল মিয়ার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে নিয়ে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সাথে থাকা তার মামাতো ভাই ছাদিকুর রহমান।

প্রবাসী রাসেলের চাচাতো ভাই আনসার মাহমুদ গণি জানান, পরিবারের সকলের ছোট রাসেল কয়েক মাস আগে রেষ্টুরেন্ট ভিসায় লেবানন যায়। যথারীতি কাজ করে যাচ্ছিল সে। চলমান করোনা সংকটে লকডাউনে কাজ কর্ম হারায় সে। এরপর থেকে দেশে ফেরার জন্যে উদগ্রীব হয়ে ওঠে রাসেল। কয়দিন থেকে ভুগছিল মানসিক সমস্যায়। ফোনে আমাদের জানায় দেশে আসতে না পারলে আত্মহত্যা করবে সে।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর তার সাথে থাকা আত্মীয়দের তাকে দেখাশুনার কথা বলি আমরা। সেখানে তারা তাকে চিকিৎসাও দেন। ঘটনার আগের দিন রাতে সবাই যখন তারাবিহ’র নামায পড়ছিল, তখন বাসা থেকে বের হয়ে যায় সে। পরদিনই বাসার আন্ডারগ্রাউন্ডে তার মরদেহ পাওয়া যায়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর