সময়ের সাথে দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে অনেকেই বাড়ি ফিরছেন সুস্থ হয়ে। মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠা দিনাজপুরের চার ব্যক্তিকে ‘বীর সম্মাননা’ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই চার ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহারও দেওয়া হয়।
জেলা শহরের গোয়ালপাড়া এলাকার ওই চার ব্যক্তি হলেন- মো. সোহাগ (২৫) বিক্রম রায় (২৩), নবাবগঞ্জের সামিউল ইসলাম (২৪) এবং ফুলবাড়ী উপজেলার মো. এনামুল হক (৩০)।
গতকাল বিকেলে ঝুড়ি ভর্তি আপেল, কমলা, মাল্টা, কলা, শাকসবজি নিয়ে করোনা থেকে মুক্ত চারজনের বাড়ি যান জেলা প্রশাসক মাহমুদুল আলম। ‘করোনাযুদ্ধে জয়ী বীরকে অভিনন্দন’ লেখা একটি চিরকুটের সঙ্গে তাদের হাতে মেডিকেল ছাড়পত্রও তুলে দেন তিনি।
জেলা প্রশাসকের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তারাও একইভাবে অভিনন্দন জানিয়েছেন ওই চারজনকে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, ‘করোনা থেকে সুস্থ হয়ে ওঠায় এই চারজনকে এভাবে অভিনন্দন জানানো হয়েছে। কোনোভাবেই যেন তারা মনোবল হারিয়ে না ফেলেন, সে জন্য উৎসাহ দিতেই এই উদ্যোগ।’
গত ১৪ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় এই চারজনের। প্রায় ২০ দিন ধরে হোম কোয়ারেন্টিনে ছিলেন তারা। পরবর্তীতে তাদের আরও দুবার পরীক্ষা করা হয়। দুবারই প্রতিবেদন ‘নেগেটিভ’ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।
জানা গেছে, করোনা থেকে মুক্ত হওয়া চার ব্যক্তির মধ্যে ৩জন নারায়ণগঞ্জ ফেরত। অন্যজন সম্প্রতি ফরিদপুর থেকে আসেন।
জেলা সিভিল সার্জন আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাড়পত্র পাওয়া চারজনের আগের ন্যায় স্বাভাবিক জীবনযাপন করতে কোনো বাঁধা নেই। তারপরও আরও কয়েক দিন তাদের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’
কেএ/বার্তাবাজার