খুলনায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত ওই নারীর বাড়ি রুপসা উপজেলার দেয়াড়া গ্রামে।

এখন পর্যন্ত খুলনায় ক‌রোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে দু’জ‌নের মৃত্যু হয়েছে। এর আগে গত ২২ এ‌প্রিল ক‌রোনা আক্রান্ত হ‌য়ে রূপসা উপ‌জেলার রাজাপুর গ্রা‌মের এক বা‌সিন্দার মৃত্যু হয়।

করোনা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই ওই নারীর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়া ছিল। রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

করোনা হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী গত ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তার করোনা পজেটিভ শনাক্ত হয়। ৩০ এপ্রিল রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর